• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে ঘোষিত বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, থমকে গেছে উন্নয়ন কাজ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে নির্দিষ্ট কোনো ঘোষিত বালুমহাল না থাকায় বেশ কিছুদিন ধরে তীব্র বালু সংকট দেখা দিয়েছে। এর ফলে সরকারি মাঝারি ও বড় নির্মাণ প্রকল্পের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের কাজ পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। সময়ের সাথে সাথে জটিলতা বাড়ায় বর্তমানে প্রতিটি উন্নয়ন প্রকল্পের গতি নেমে এসেছে তলানিতে।

 

অতীতের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, বিগত সরকারগুলোর আমলে নদী খননের পর উত্তোলিত বালুর প্রাপ্যতা বেশ সহজ ছিল। কিন্তু বিগত ২০২৩-২৪ অর্থবছরের পর এ অঞ্চলের উত্তোলিত বালুসমূহ ইজারা দিয়ে অপসারণ করে নেওয়া হয়। এরপর থেকে বীরগঞ্জের আত্রাই নদীর আওতাধীন শতগ্রামের বলদিয়াপাড়া এবং সুজালপুর এলাকার মাকড়াই বালুমহাল বা বালুঘাট ইজারা দেওয়া বন্ধ হয়ে যায়। মূলত দুটি বড় বালুমহাল থেকে কার্যক্রম বন্ধ হওয়ার পর থেকেই এলাকায় বালুর ভয়াবহ সংকট তৈরি হয়েছে। হঠাৎ করে বালু সরবরাহ বন্ধ হওয়ায় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদার, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ গৃহনির্মাণকারীরা মারাত্মক বিপাকে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরগঞ্জের কাশিপুর মৌজার ৩৯১, ৩৯২ ও ৩৯৫ দাগ সংলগ্ন আত্রাই নদীর পশ্চিম তীর থেকে পূর্ব তীর হয়ে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি বিশাল বালুচর রয়েছে। এটি এলাকায় একটি অত্যন্ত সম্ভাবনাময় বালুমহাল হিসেবে চিহ্নিত। গত ২০২৪ সাল থেকে সোহেল রানা, পিতা বা প্রযত্নে মোশাররফ হোসেন, এই সম্ভাবনাময় স্থানটিকে সরকারিভাবে বালুমহাল ঘোষণার জন্য দিনাজপুর জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়ে দীর্ঘ দিন ধরে অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যে প্রস্তাবিত এই স্থানটির যৌথ সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে। আবেদনকারী এ সংক্রান্ত বিষয়ে বালুমহাল তৈরি এবং মধ্যবর্তী সময়ে ইজারা নেওয়ার জন্য হাইকোর্টে ১৪৬৮ আইনগত রিট পিটিশন দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

বালু সংকটের বাস্তব চিত্র তুলে ধরে বীরগঞ্জ ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং বিশিষ্ট ঠিকাদার সিরাজুল ইসলাম, আব্দুর রহমান ও আলম হোসেন জানান, এলাকায় বালুর তীব্র সংকটের কারণে সরকারের সাথে চুক্তিবদ্ধ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করা তো দূরের কথা, চালু রাখতেই হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হোসেন, মজিবর রহমান, সাজেদুর রহমান ও হামিদুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে বালু না থাকায় অনেক দূর থেকে অতিরিক্ত পরিবহন খরচ দিয়ে বালু এনে কাজ চালাতে হচ্ছে। একই ধরনের ভোগান্তির কথা নিশ্চিত করেছেন সড়ক পাকাকরণ কাজের ঠিকাদার শহিদুল ইসলাম। তারা জানান, দূর থেকে বাড়তি দামে বালু আনার কারণে প্রতিটি নির্মাণ কাজের ব্যয় বহুলাংশে বেড়ে গেছে এবং ধীরগতির কারণে পুরো প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

 

বীরগঞ্জ অঞ্চলে বালু সংকটের কারণে যে চরম প্রশাসনিক ও সামাজিক অচলাবস্থা তৈরি হয়েছে, সে কথা একবাক্যে স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান চৌধুরী শাহিন, শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক এবং বীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র বিএনপি নেতা মেহেদি হাসান জানান, বালুর অভাবের কারণে প্রতিটি এলাকায় সরকারি-বেসরকারি সকল কাজ কার্যত আটকে আছে।

 

এ সংকট নিরসনে গত ৬ সেপ্টেম্বর পুনরায় দিনাজপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। আত্রাই নদীর ওই সম্ভাবনাময় বালুচরটিকে দ্রুত বালুমহাল ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারসহ নতুন আবেদন জমা দেওয়া হয়। সংসদ সদস্য তাঁর সুপারিশে আবেদনকারীর বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

 

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলম জানান, আবেদনকারীর আবেদনপত্র এবং স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার তারা হাতে পেয়েছেন। বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার আইনি ও প্রশাসনিক সুরাহা করা হবে।

 

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু জানান, বীরগঞ্জে বালু সংকটের ভয়াবহতা এবং উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার বিষয়টি তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন। তিনি বলেন, বালুর প্রাপ্যতা সহজ করতে এবং জনস্বার্থ বিবেচনায় আত্রাই নদীর প্রস্তাবিত বালুচরটিকে পূর্ণাঙ্গ বালুমহাল হিসেবে ঘোষণা না করা পর্যন্ত মধ্যবর্তী সময়ে আবেদনকারীকে ইজারা দেওয়ার জন্য জেলা প্রশাসককে ডিও লেটারের মাধ্যমে অনুরোধ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যেই প্রস্তাবিত কাশিপুর বালুমহালটি চালু করা সম্ভব হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ