নীলফামারীর ডোমারে শিক্ষাঙ্গনে আনন্দ ও উৎসাহের আবহে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট নতুন একতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ডোমার ও ডিমলা এলাকার শিক্ষা প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সুধী সমাবেশের আয়োজন করা হয়, যা এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
গতকাল বিকেলে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় ক্যাম্পাসে ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন ভবনের শুভ উদ্বোধন করেন ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। শুভ উদ্বোধনের পর দেশ, জাতি ও শিক্ষার মানোন্নয়ন কামনায় এক বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
সংবর্ধনা ও দোয়া পর্ব শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা রায়হানুল হক ইউসুফ। অত্যন্ত সুশৃঙ্খল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি তার বক্তব্যে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজায়াজুল ইসলাম কালু এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। এ ছাড়া বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যতের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল চন্দ্র বর্মণ।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে এলাকার সাধারণ মানুষ ও সুধীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। একটি নতুন ভবনের এই সূচনা যে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলবে, সে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সকলেই।