• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত বাজেট ও সরকারি মিতব্যয়িতার তুলনামূলক চিত্রে তারেক রহমানের সরকারের সাফল্য তুলে ধরলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বৈদ্যনাথ রায় গ্রেপ্তার আগামীর নিরাপত্তা নিশ্চিতের ডাক দিয়ে পঞ্চগড়ে পরিবেশের জয়গান পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ: হাজার একর জমি অনাবাদির আশঙ্কা রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে কচাকাটায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত গংগাচড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা

পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
শনিবার, ১১ জুলাই, ২০২৬

একটানা দশ দিন ধরে ব্যাংকের বারান্দায় ঘুরেও মেলেনি কিডনি রোগের চিকিৎসার জন্য পাওয়া সরকারি অনুদানের টাকা। নিরুপায় হয়ে এক অসহায় নারী বিষয়টি জানিয়েছিলেন গণমাধ্যমকর্মীদের। সেই ভুক্তভোগী নারীর কষ্টের কথা শুনে সত্যতা যাচাই করতে ব্যাংকে গিয়ে চরম অপমান, লাঞ্ছনা ও অবরুদ্ধের শিকার হতে হয়েছে একজন পেশাদার সাংবাদিককে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাসা শাখায় বুধবার দুপুরে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভির স্টাফ রিপোর্টার, বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক ও ইউএনবি নিউজের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একটি জনকল্যাণমূলক কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে ব্যাংকের সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের হাতে তাকে এভাবে অপদস্থ হতে হবে, তা ভাবতেও পারেননি স্থানীয় মানুষ।

ঘটনার বিবরণে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাসিন্দা হাজেরা খাতুন দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনি রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য পাওয়া আর্থিক সহযোগিতার একটি চেক গত দশ দিন আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাসা শাখায় জমা দেন তিনি। কিন্তু দিনের পর দিন পার হলেও ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছিলেন না এই অসুস্থ নারী। উপায় না দেখে তিনি পুরো বিষয়টি পঞ্চগড় সোনার বাংলা ফাউন্ডেশনের কিডনি ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার আরিফুর রহমান আরিফ এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে জানান। অসহায় নারীর এই কষ্টের কথা শুনে তারা দুজনেই বুধবার দুপুরে হাড়িভাসা কৃষি উন্নয়ন ব্যাংকে প্রকৃত ঘটনা জানতে যান। ব্যাংকে প্রবেশ করে তারা ওই শাখার ম্যানেজার জোতির্ময় রায়ের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন। এক পর্যায়ে ম্যানেজারের স্পষ্ট অনুমতি নিয়েই সাংবাদিক সাজ্জাদ তার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি ভিডিও বক্তব্য ধারণ করছিলেন। ঠিক এই মুহূর্তেই কোনো কিছু না বুঝেই ব্যাংকের সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন আচমকা সেখানে এসে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভিডিও রেকর্ড বন্ধ করার হুমকি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন শুধু বাধা দিয়েই ক্ষান্ত হননি, তিনি অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং উপস্থিত সাংবাদিককে অবরুদ্ধ করার জন্য ব্যাংকের কর্মচারীদের নির্দেশ দিয়ে সদর দরজা তালাবদ্ধ করতে বলেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, বেটাকে ধরো ধরো। এরপর ব্যাংকের ভেতরে থাকা সাধারণ সেবা গ্রহীতাদের দ্রুত বের করে দিয়ে সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার আরিফুর রহমান আরিফকে একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। ব্যাংকের মতো একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে এমন আকস্মিক ও শিষ্টাচার বহির্ভূত আচরণে সবাই স্তম্ভিত হয়ে পড়েন। পরে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম এই অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে দ্রুত দুইজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। স্থানীয় ইউপি সদস্য জুলহাস এবং গোবিন্দ চন্দ্র গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ব্যাংকে প্রবেশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা অবরুদ্ধ দশা থেকে সাংবাদিক সাজ্জাদ ও ম্যানেজার আরিফুর রহমান আরিফকে মুক্ত করে নিরাপদে ব্যাংক থেকে বের হয়ে আসতে সাহায্য করেন।

নিজের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, আমি একজন অসুস্থ মানুষের চেক জমা দেওয়া এবং টাকা না পাওয়ার পেছনে কী সমস্যা তা জানতে ম্যানেজারের কাছে গিয়েছিলাম। ম্যানেজারের অনুমতি নিয়েই আমি ভিডিও বক্তব্য নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই সেকেন্ড ম্যানেজার এসে অতর্কিতভাবে বলেন, দরজা বন্ধ করো, বেটাকে ধরো। এ সময় তিনি আমাকে অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। পরে স্থানীয় চেয়ারম্যান ইউপি সদস্যদের পাঠালে আমরা সেখান থেকে উদ্ধার পাই। ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আইনি প্রক্রিয়া শুরু করেছি।

এই অপ্রীতিকর ঘটনার বিষয়ে প্রকৃত সত্য জানতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাসা ইউনিয়ন শাখার ম্যানেজার জোতির্ময় রায় এবং অভিযুক্ত সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের মুঠোফোনে বারবার কল করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি, যার ফলে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দুপুরের দিকে আমার মোবাইলে খবর আসে যে স্থানীয় কৃষি ব্যাংকের ভেতরে বড় ধরনের গোলমাল চলছে। খবর পাওয়ামাত্রই আমি দুইজন ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ পাঠাই। একজন সাংবাদিক সাধারণ মানুষের দুঃখের কথা শুনে তথ্য নিতে গিয়েছিলেন, অথচ তাকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এমনটি আমি জানতে পেরেছি। একটি সেবামূলক প্রতিষ্ঠানে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।

বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুক্তারুজ্জামান জানান, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং ইতিমধ্যেই বিস্তারিত শুনেছি। আগামী দিনই আমি নিজে সরেজমিনে ওই শাখায় তদন্ত করতে যাব। তদন্তে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন অসুস্থ মানুষের অনুদানের টাকা নিয়ে এমন হয়রানি এবং তথ্য সংগ্রহে গিয়ে গণমাধ্যমকর্মীর অবরুদ্ধ হওয়ার এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।


More News Of This Category