• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি গঙ্গাচড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান

গঙ্গাচড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ৪ জুলাই, ২০২৬

সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি বিশেষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর আউলিয়ার হাট বিনবিনা উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এই ফাইনাল খেলার মূল আয়োজক ছিল আউলিয়ার হাট যুবসমাজ। প্রত্যন্ত অঞ্চলের তরুণদের মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনার এই প্রশংসনীয় উদ্যোগে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজ যেন মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাবে পথ না হারায়, সেই সচেতনতা তৈরি করা এবং স্থানীয় পর্যায় থেকে নতুন খেলোয়াড় গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চর আউলিয়ার হাট বিনবিনা উচ্চ বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে।

বিশিষ্ট ব্যবসায়ী মোহসীন আলীর সভাপতিত্বে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া শরীফ সততা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মাদ আলী মিন্টু। খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. মাহফুজার রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমল কান্ত রায়।

এছাড়াও তরুণদের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ যোগান আউলিয়ার হাট হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মো. বাদশা আলী, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী দুলাল এবং কোলকোন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী রাজ মনি, জুয়েল মিয়া, শাহজাহান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত বক্তারা তাদের বক্তব্যে মাদক ও অনলাইন জুয়ার সামাজিক ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজের এলাকার প্রতি তার দায়বদ্ধতা ভোলেননি। গঙ্গাচড়ার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে তার আন্তরিকতা এই ধরনের চমৎকার ক্রীড়া উদ্যোগের মধ্য দিয়েই বারবার প্রতিফলিত হচ্ছে। বক্তারা আরও উল্লেখ করেন, তরুণদের জন্য যদি সুস্থ বিনোদন ও খেলাধুলার সঠিক পরিবেশ নিশ্চিত করা যায়, তবে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো মারাত্মক সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখা অনেক সহজ হবে। একই সঙ্গে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় আউলিয়ার হাট স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিস্তা একাদশ। বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পরে ট্রফি তুলে দেন অতিথিরা। পুরো আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে প্রচার-প্রচারণায় যুক্ত ছিল দৈনিক সকালের বাণী, রাজধানী টিভি ।


More News Of This Category