নীলফামারীর ডোমার থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ আসান আলী নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসান আলী ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ এলাকার পশ্চিম ছাতনাই গ্রামের বাছেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ডিমলা এবং ডোমার এলাকার তরুণদের মাঝে মাদক ছড়িয়ে দেওয়ার কাজ করে আসছিল সে। এই মাদক কারবারের কারণে এলাকার বহু পরিবার ও যুবসমাজ চরম সামাজিক ও মানবিক সংকটের মুখে পড়ছিল।
রবিবার রাত ১১টার দিকে ডোমার থানার এসআই অমিত কুমার দে’র নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা আদর্শগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফরেস্ট বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে মাদক কেনাবেচা চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও এএসআই একেএম শাহিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসান আলীকে হাতেহাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপ। এই সিরাপগুলো তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান যে, গ্রেফতারকৃত আসান আলী দীর্ঘদিন যাবৎ ডিমলা এবং ডোমার এলাকায় অত্যন্ত সুকৌশলে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার এই অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের ওপর পুলিশের নজরদারি ছিল। গোপন সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল সেখানে অভিযান চালায় এবং হাতেনাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই অভিযানের ফলে এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অফিসার ইনচার্জ আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আজ জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই মানবিক ও কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছে।