মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবার প্রাপ্যতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে কার্যক্রমের টেকসইতা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর জেলায় জননী প্রকল্পের জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অর্ধবার্ষিক (Semi-Annual) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক, রংপুরের সভাপতিত্বে আয়োজিত এ সভা KOICA-এর অর্থায়নে এবং Save the Children-এর কারিগরি সহায়তায় RDRS Bangladesh বাস্তবায়িত “Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh” কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন, রংপুর, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ, রংপুর, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ, জননী প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, Save the Children-এর প্রতিনিধিগণ এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্পের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে অংশীদারিত্ব বৃদ্ধি, কমিউনিটি সম্পৃক্ততা জোরদার এবং স্থানীয় সম্পদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় জননী প্রকল্পের কার্যক্রম সমাপ্তির পরও সেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে স্থানীয়ভাবে তহবিল (Local Fund) গঠন, ইউনিয়ন পরিষদের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। একই সঙ্গে স্থানীয় মালিকানা (Local Ownership) প্রতিষ্ঠা এবং নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে প্রকল্পের অর্জনসমূহ দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব হবে।
সভায় অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ জননী প্রকল্পের কার্যক্রমকে আরও শক্তিশালী ও টেকসই করতে স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি প্রকল্প সমাপ্তির পরও মা ও নবজাতকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে মত প্রকাশ করেন।
সভায় আরও উল্লেখ করা হয় যে, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সরকারি বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি এবং উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সমন্বয় সভা ভবিষ্যতে প্রকল্পের অর্জনসমূহ টেকসইভাবে ধরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে মালিকানা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।