নীলফামারীর ডোমারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেলের নতুন শোরুম। দ্রুতগামী, দীর্ঘস্থায়ী, জ্বালানি ও মেরামত সাশ্রয়ী যানবাহনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই শোরুমটি চালু করা হয়েছে। সোমবার বিকেলে ডোমার বনওয়ারী মোড় সেবা হাসপাতাল সংলগ্ন ফ্রেন্ডস অটোজ নামের এই অনুমোদিত শোরুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু।
নতুন এই শোরুমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী রামনিবাস আগরওয়ালা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উৎসুক সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ডোমারে এই প্রথম পরিবেশবান্ধব এবং শব্দদূষণমুক্ত আধুনিক প্রযুক্তির ব্যাটারি চালিত স্কুটার, ইলেকট্রিক মোটরসাইকেল ও ই-অটোসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যান এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে।
শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলের মানুষের যাতায়াত খরচ কমিয়ে আনতে এবং পরিবেশ রক্ষা করতে তারা কাজ করছেন। বর্তমান সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বাজারে এই ইলেকট্রিক যানগুলো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের খরচ অনেক কমিয়ে দেবে। একই সাথে এগুলো রক্ষণাবেক্ষণ বা মেরামত করার ঝামেলাও সাধারণ মোটরসাইকেলের চেয়ে অনেক কম।
নতুন শোরুমের শুভ সূচনা উপলক্ষে এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দকে সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতে কর্তৃপক্ষ প্রতিটি ক্রয়ের ওপর বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে সর্বস্তরের ক্রেতাসাধারণকে শোরুমে এসে নতুন প্রযুক্তির এই পরিবেশবান্ধব গাড়িগুলো দেখার এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন অভিজ্ঞতার সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়। ডোমার থেকে এই বিশেষ সংবাদটি জানিয়েছেন ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক।