সিরাজগঞ্জে র্যাবের যৌথ অভিযানে লালমনিরহাটের কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) রাত ২টা ২০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে লালমনিরহাট জেলার সেশন নং-৯৩/২৩ ও জিআর-৩২৭/২২ (কালীগঞ্জ) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।