আগামীকাল ৫ মে ২০২৬, মঙ্গলবার রাজধানী ঢাকার বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সকাল ১১টায় আয়োজিত এই সভায় চলচ্চিত্র অঙ্গনের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি আবারো তাদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে এই সভার ডাক দিয়েছে।
দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চলচ্চিত্রের সংকটকালীন সময়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতা ও সংগঠন গতিশীল করার দিকনির্দেশনা সভার সদস্যদের সামনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। চলচ্চিত্রের এই সংকটময় মুহূর্তে অভিজ্ঞ এই ব্যক্তিত্বের উপস্থিতি সাধারণ সদস্যদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে।
এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। সঞ্চালনা করবেন সংগঠনের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ, সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। সভায় সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং নির্বাহী কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিএফডিসি-র জাতীয়তাবাদী এমপ্লয়িজ এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এই সভায় চলচ্চিত্রের বিদ্যমান নানা সমস্যা, শিল্পী ও কলাকুশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সাংগঠনিক কাঠামোর সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এই সভার মাধ্যমে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আগামী দিনের পথচলা আরও সুসংহত হবে। সংগঠনের পক্ষ থেকে মহাসচিব এবিএম সোহেল রশিদ সকল আমন্ত্রিত সদস্যকে এই মতবিনিময় সভায় অংশ নিয়ে সভাকে সফল করার আহ্বান জানানো হয়েছে।