রংপুর ও ঠাকুরগাঁওায়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি সকালে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষ্মীটারী ইউনিয়নের ইশোরকোল গ্রামের জোড়া ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ট্যাংক ও সিটের মাঝখানে বিশেষ কায়দায় লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ মোরসালিন মিয়া (১৯) ও মোঃ রুবেল মিয়া (২২) নামের দুইজনকে গ্রেফতার করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
অন্যদিকে একই দিন বিকেলে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের হলপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক তল্লাশি করে। ইজিবাইকের পিছনের সিটের সামনে ফাঁকা জায়গায় চা পাতার প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় ৩,৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোঃ তাউহিদ ইসলাম রতন (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে তা বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।