নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর হামিদুল ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে গত ১৯ ডিসেম্বর ২০২৫ সকালে ভিকটিম হামিদুল ইসলামের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এতে বাধা দিতে গেলে মোঃ আবুল হোসেন (৫৬) ও তার সহযোগীরা হামিদুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত ৮টা ৫০ মিনিটে র্যাব-১৩ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুরের শহীদবাগ এলাকা থেকে এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।