কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল ৭টা ১৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনন্তপুর আবাসনে জনৈকা রেহেনার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৪টি প্লাস্টিকের বস্তায় রাখা সর্বমোট ১৮ কেজি গাঁজা (প্রতিটি বস্তার ওজন ৪.৫ কেজি) এবং ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—নুর ইসলাম (৪০), পিতা-মৃত খয়বার আলী এবং রেহেনা ওরফে মঞ্জি (৩৮), স্বামী-মৃত সাখাওয়াত, পিতা-মৃত মকবুল হোসেন। উভয়ের বাড়ি অনন্তপুর আবাসন, কাশিপুর ইউনিয়ন, ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। তারা মাদক পরিবহন ও বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করত।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।