রংপুর জেলার কাউনিয়া থানাধীন এলাকায় র্যাব-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা ৪৫ মিনিটে কাউনিয়া থানাধীন ৫ নং বালাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হলদিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লালমনিরহাট হতে রংপুরগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে এস কে মোবাইল কর্নারের সামনে থেকে ৮টি বাঁশের ঝুড়ির ভেতরে রাখা ১৬.৪ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়।
এ অভিযানে মোঃ স্বাধীন মন্ডল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদর থানার ছোট কুমিরিয়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।