আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ে এক বিশেষ উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেতগাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার। তিনি তার বক্তব্যে গণভোটের গুরুত্ব ও এর আইনি দিকগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। জেসমিন আক্তার বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও নিরপেক্ষভাবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের মাধ্যমে নাগরিক মতামত প্রকাশ করা অত্যন্ত জরুরি। এটি আমাদের জাতীয় জীবনের একটি অন্যতম দায়িত্ব।” এছাড়া যারা সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিয়মাবলী ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।
বেতগাড়ী ইউনিয়ন প্রশাসক মো. হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় স্থানীয় সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বক্তারা এই সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে ভোটাধিকার বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ভোটদান সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।