লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন এলাকায় র্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফ ডিএক্স জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক মোঃ লিয়াকত আলী (৪৫)-এর বসতবাড়ি থেকে ৯৬ বোতল এস্কাফ ডিএক্স উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিয়াকত আলীর পিতা নককেছ আলী। তার বাড়ি খামারভাতি গ্রামে, চন্দ্রপুর ইউনিয়ন, কালীগঞ্জ থানা, লালমনিরহাট জেলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহ করে আসছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানের বিষয়টি র্যাব-১৩ এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।