আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি হিসেবে আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নাম ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরহাদ হোসেন আজাদ এই আসনে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে সে সময় ক্ষমতার দাপট আর প্রশাসনের সহযোগিতায় ‘রাতের গোপন ভোটে’ তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথ আঁকড়ে থাকা এই নেতার মনোনয়ন পাওয়ায় বোদা ও দেবীগঞ্জ উপজেলায় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এই মনোনয়ন প্রসঙ্গে বলেন, দেশের মানুষের গণতন্ত্রের স্বাদ ফিরিয়ে দিতে ফরহাদ হোসেন আজাদের ভূমিকা অগ্রগণ্য। ৯০-এর গণঅভ্যুত্থান, ওয়ান ইলেভেন এবং ২০২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তিনি রাজপথে সক্রিয় থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বিগত সরকারের আমলে অসংখ্য হামলা ও রাজনৈতিক মামলার শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। সব দিক বিবেচনা করে দলের শীর্ষ নেতৃত্ব তাকে মনোনয়ন দেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মনোনয়ন পাওয়ার পর ফরহাদ হোসেন আজাদ এক প্রতিক্রিয়ায় বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে আমি শামিল ছিলাম। দল আমার ওপর যে আস্থা রেখেছে, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমি তার প্রতিদান দেব।” তিনি আরও যোগ করেন, “দীর্ঘ ১৭ বছর পর তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য বড় পাওয়া। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে জনকল্যাণমুখী ও উন্নত।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত এলাকা হিসেবে পঞ্চগড়-২ আসনে চা শিল্প ও স্থানীয় কৃষি অর্থনীতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফরহাদ হোসেন আজাদের মতো মাঠ পর্যায়ের নেতা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে সহায়ক হবে। বর্তমানে ধানের শীষের এই প্রার্থীকে ঘিরে ওই জনপদে ভোটারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।