আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: লালমনিরহাটের কালীগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ, মারধর ও গোপন ছবি-ভিডিও ধারণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩।
রোববার রাত ১১টা পাঁচ মিনিটে কালীগঞ্জ বাজারের রওশন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বেলাল উপজেলার শৌলমারী গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। মামলা দায়েরের পর ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী নারী ২০২৩ সালে বেলালের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি মামলা করেছিলেন। পরে আদালত থেকে জামিনে বেরিয়ে বেলাল ওই নারীকে বিয়ে করেন। সংসার চলাকালে মামলা প্রত্যাহারের জন্য তিনি ওই নারীকে নির্যাতন করতেন এবং একপর্যায়ে ওই নারী তাকে তালাক দেন।
তালাকের পর বেলাল আগের সংসার চলাকালে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও ওই নারীকে পাঠিয়ে দেখা করতে বলেন। গত ৬ অক্টোবর ওই নারী কালীগঞ্জের সিরাজুল মার্কেটের কাছে গেলে বেলাল কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে একটি মাইক্রোবাসে তুলে একটি বাসায় নিয়ে যান। সেখানে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে দুই দিন আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
গত ৮ অক্টোবর ওই নারীকে বেলালের বাড়িতে নেওয়া হলে সেখানে বেলাল ও তার স্ত্রী তাকে মারধর করেন। পরদিন ৯ অক্টোবর বেলাল তার স্ত্রীর সহযোগিতায় ওই নারীর নগ্ন ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় ওই নারী তাদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের হয়ে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন।
ঘটনার পর চিকিৎসার জন্য ওই নারী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন, যেখানে অভিযুক্তরা তাকে হুমকি দেন। পরে ১৯ অক্টোবর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এ ঘটনায় গত ২৫ অক্টোবর ভুক্তভোগী নারী কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে অভিযান পরিচালনা করে এসআরবি-১৩। তাদের এই তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদার পদক্ষেপের ফলে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এসআরবি-১৩-এর সদর কোম্পানির আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে এবং সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839