মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার বিকেলের এই অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী থানার মহেশপুর এলাকায় অবস্থান নেয়। সেখানে জনৈক আপেল রহমানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মো. মাহাফুজার রহমান নামের ওই ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল থেকে ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র্যাব।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে বেশ কিছু তথ্য। মাহাফুজার রহমান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরেই গোপনে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি গাইবান্ধা ও এর আশেপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন। লোকচক্ষুর অন্তরালে এভাবেই চলছিল তার মাদকের কারবার।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।