পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রমে আরও গতি আনতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু রায়হান, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছাঃ অগ্নিশিখা এবং গ্রাম আদালতের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ মোট ২৯ জন প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ের ডিএমআইই রিপোর্ট প্রণয়ন, মাসিক প্রতিবেদন তৈরির পদ্ধতি, গ্রাম আদালত পরিচালনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজতর করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএমআইই কার্যক্রমের মাধ্যমে এসব আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে।