আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
রবিবার (২রা নভেম্বর) সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এই বাছাই কার্যক্রম শুরু হয় এবং বিকাল নাগাদ তা সম্পন্ন হয়। দিনব্যাপী এই বাছাই পর্বে প্রায় ১২০০ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
এর মধ্যে ৮৪৫ জন সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্ব পালনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই বাছাই পর্বের নেতৃত্ব দেন বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বিভূতি ভূষণ প্রামানিক।
জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বোদা উপজেলার মোট ৬৫টি কেন্দ্রে নারী-পুরুষসহ মোট ৮৪৫ জন আনসার ও ভিডিপি সদস্যকে ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য নিযুক্ত থাকবেন।
এই ১৩ জনের মধ্যে তিনজন সদস্য অস্ত্রধারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে একজন সদস্য সার্বক্ষণিক প্রিজাইডিং অফিসারের সহকারী হিসেবে কাজ করবেন এবং বাকি দুজন কেন্দ্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত থাকবেন।