“সাম্য ও সমতায় গড়ব দেশ, সমবায়ে গড়বে নতুন বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে সমবায় সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সাধারণ সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা সবাইকে সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।