পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি অটোচালিত যানবাহন চুরির অভিযোগ উঠেছে। এই নিয়ে চলতি মাসেই সেখানে তিনবার চুরির ঘটনা ঘটলো।
চুরি হওয়া অটোর চালকের নাম আতাউল ইসলাম। তিনি ডোমার উপজেলার আজিজার হাট এলাকার আবু তালেবের ছেলে। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলার উত্তরপাড়ায় শ্বশুর তহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছেন।
জানা যায়, মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। চালক আতাউল ইসলামের স্ত্রী মোছাঃ রেনি সুলতানা অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসার জন্য তিনি তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি তার অটোটি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রাস্তার ধারে পার্ক করে স্ত্রীকে দেখতে উপরে যান। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন সেই অটোটি আর সেখানে নেই। চুরি হওয়া অটোর পেছনে আতিকা এন্ড রিয়াদ পরিবহন লেখা ছিল।
অটো হারিয়ে দুঃচিন্তায় পড়েছেন চালক আতাউল ইসলাম। তিনি বলেন, অটোটা ছিল আমার জীবিকার একমাত্র ভরসা। এটা হারিয়ে আমি একেবারে অসহায় হয়ে পড়েছি।
এই বিষয়ে কথা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু নোমান মো. ইফতেখারুল তৌহিদ। তিনি জানান, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। চলতি মাসেই এমন তিনটি চুরির ঘটনা ঘটেছে। জনবল সংকটের কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। প্রতিবারই আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়ে থাকি। আজকের ঘটনাটিও প্রশাসনকে অবহিত করা হবে।
স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও আগে ঘটে যাওয়া চুরির ঘটনা সম্পর্কিত ভিডিও ফুটেজে চোরদের চেহারা স্পষ্টভাবে ধরা পড়েনি। ফলে, তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, নিরাপত্তার অভাবের কারণে সাধারণ মানুষ বিশেষ করে গরিব ও অসহায় পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন। এলাকার মানুষ এ অবস্থায় প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।