দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার ১০নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নির্দেশে পরিচালিত এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মণের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন জলাশয় থেকে ২৪টি চায়না দুয়ারি জাল (১২০০ মিটার) এবং ৩টি কারেন্ট জাল (৩০০ মিটার) উদ্ধার ও জব্দ করা হয়।
পরে জব্দ করা এসব অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মণ জানান, দেশীয় মাছের বংশবৃদ্ধি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই ধরনের জালের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব ক্ষতিকর জাল সম্পূর্ণ নির্মূল করা হবে, যাতে দেশীয় মাছের সংখ্যা বৃদ্ধি পায় এবং জেলেরা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন।