রংপুর: মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩ রংপুরের একটি দল অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর গ্রামে এই অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন কঠোর অবস্থান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। মাইক্রোবাসের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মো. রিফাত মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়। রিফাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।