আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নওগাঁর মহাদেবপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে এই বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কারাম উৎসবে ছিল স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উপচে পড়া ভিড়। আলোচনা সভা, নৃত্য পরিবেশনা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুরো এলাকা এক আনন্দময় মিলনমেলায় পরিণত হয়।

মহাদেবপুর উপজেলা ডাকবাংলা মাঠে আয়োজিত এই কারাম উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি দিলিপ পাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। তিনি আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার এমন প্রাণবন্ত উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের সামাজিক উন্নয়ন ও অধিকার সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ উড়াও এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, সংসদ সদস্যের সহধর্মিনী মুনিরা সুলতানা এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট পরিচালক মো. মুরাদ হাসান, উপদেষ্টা উজ্জল কুমার সরকার এবং আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান। বক্তারা ঐতিহ্যবাহী এই উৎসবের মাধ্যমে পাহাড়ি ও সমতলের সব মানুষের মাঝে অসাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিকেলের গোধূলি লগ্নে মূল সাংস্কৃতিক পর্ব শুরু হলে পুরো ডাকবাংলা মাঠ যেন অন্য এক রূপ ধারণ করে। ঐতিহ্যবাহী এই কারাম উৎসবে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত একাধিক আদিবাসী নৃত্যদল অংশ নেয়। নিজেদের পোশাক ও বাদ্যযন্ত্রের তালে তালে তারা উপস্থাপন করে বহু পুরোনো লোকজ নৃত্য ও কারাম পূজার নানা রূপ। ঢোল, মাদল ও বংশীর সুরে আদিবাসী নারী-পুরুষ ও শিশুদের সাবলীল নাচ উপস্থিত হাজারো দর্শনার্থীকে বিমোহিত করে তোলে। উৎসবের শেষে মনোজ্ঞ এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা নৃত্যদল ও শিল্পীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839