• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুব্রত রায় গ্রেপ্তার বিএনপি সমর্থিত চলচ্চিত্র প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের ৬টি সিনেমার সনদ আটকে দেওয়ার অভিযোগ এবং মেঘের আইনি লড়াইয়ের ঘোষণা পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করল পঞ্চগড় খবর মুন্সিগঞ্জে যৌথ অভিযানে সাপুড়ের মন্ত্র কেন্দ্রিক হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ গ্রেফতার চার বীরগঞ্জে মহানবী (স:)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবা, সম্পত্তি লিখে নিতে মরিয়া মেয়ে! তিস্তার পাড়ে এক প্রতিবাদী কলম: সাংবাদিক রাহেনা বারী আয়না কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী ডিমলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় জামাল উদ্দিন, অনিয়মের গুরুতর অভিযোগ রংপুরের গঙ্গাচড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত, ৭ ঘণ্টা অবরুদ্ধ শিক্ষা কর্মকর্তা

মুন্সিগঞ্জে যৌথ অভিযানে সাপুড়ের মন্ত্র কেন্দ্রিক হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ গ্রেফতার চার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়ায় সাপ খেলা দেখার সময় সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এন্দাজ মিয়া নামের ৭৪ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানা এলাকায় পরিচালিত পৃথক দুটি যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের নুর হোসেনের ছেলে যথাক্রমে ৪৫ বছর বয়সী মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম, ৩০ বছর বয়সী তিন নম্বর আসামি মাবু মিয়া, ৩০ বছর বয়সী চার নম্বর আসামি লেবু মিয়া এবং ৪০ বছর বয়সী পাঁচ নম্বর আসামি এরশাদ আলী।

 

ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে গঙ্গাচড়া উপজেলার কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে একজন সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছিলেন। খেলা চলাকালীন একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে উপস্থিত কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জন সাপুড়েকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ভুক্তভোগী এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেক এগিয়ে এসে সাপুড়েকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেন। সাপুড়েকে সরিয়ে দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আব্দুল মালেককে গালিগালাজ করতে থাকেন এবং একপর্যায়ে তাকেও মারধর শুরু করেন।

 

ছেলেকে মারধর করার খবর জানতে পেরে পিতা এন্দাজ মিয়া দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা প্রবীণ ব্যক্তি এন্দাজ মিয়াকেও নির্মমভাবে মারধর করে। আঘাতের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মর্মান্তিক বিযোগান্তক ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে গত ২৬ আগস্ট গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৩২। ঘটনাটি ঘটার পর আইনগত ব্যবস্থা ও গ্রেফতার এড়াতে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

 

হত্যাকাণ্ডের সংবাদ ও মামলার গুরুত্ব বিবেচনা করে র্যাব-১৩ এর একটি দল আসামিদের দ্রুত আইন আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর ও র্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল মুন্সিগঞ্জে অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন বালিগাঁও বাজার এলাকায় রাত ৮টা ৫ মিনিটে প্রথম অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম ও তিন নম্বর আসামি মাবু মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই রাতে সাড়ে ৯টা ৪৫ মিনিটে একই থানার ইসলামপুর বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে চার নম্বর আসামি লেবু মিয়া ও পাঁচ নম্বর আসামি এরশাদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের সংশ্লিষ্ট গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ