রংপুরের মিঠাপুকুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আদনানকে (২২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আদনান রংপুর মহানগরীর তাজহাট থানার ৩১ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়া ওই কিশোরীর সঙ্গে আদনানের প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে আদনান বিভিন্ন সময় তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন। একপর্যায়ে বোনের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই কিশোরীকে প্রলোভন দেখান তিনি।
মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট আদনান ওই কিশোরীকে তার বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে নাস্তা খাওয়ার সময় আদনানের বোনের বাড়ির লোকজন তাদের একটি কক্ষে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে আদনান ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গত ১ সেপ্টেম্বর কিশোরীর মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ দল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাঙ্গলকোট থানার জোড্ডা উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে আদনানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।