আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে নাচ-গান ও অনৈতিক কর্মকাণ্ডের অশুভ চক্র গড়ে তোলার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মুন্সীগঞ্জ থেকে এক তরুণীকে এনে আটকে রেখে গণধর্ষণ এবং তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর কাছে থাকা নগদ ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মোট পাঁচজনের মধ্যে মোঃ মোখলেছুর রহমান মিঠু নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন নলেয়া রশিদ মোড় এলাকা থেকে ভুক্তভোগী তরুণী মোছাঃ আরশি আক্তারকে উদ্ধার করে পুলিশ। একই সময়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মোঃ মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী মোছাঃ আরশি আক্তার মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মীরা পাড়া, হাজী পাড়া এলাকার বাসিন্দা মোঃ হাশেম উদ্দিন ও মাতা বুলু রানীর কন্যা।
স্থানীয় সূত্রে ও পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের আড্ডার আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণী এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। গত ২৫ সেপ্টেম্বর অভিযুক্ত মোঃ ফুল মিয়া ওরফে ফুলবরসহ কয়েকজন মিলে তিন তরুণীকে ওই এলাকায় নিয়ে আসেন। পরবর্তীতে তাদের মধ্যে দুইজন চলে গেলেও মোছাঃ আরশি আক্তার সেখানে অবস্থান করছিলেন।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে সেখানে আটকে রেখে গত ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটের কাশিয়া বাড়ির কাশফুল ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এই পৈশাচিক ঘটনায় জড়িত ছিলেন মোঃ মোখলেছুর রহমান মিঠু, মোঃ নাইনুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ আল আমিন এবং মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর। অত্যাচার চালাকালে তারা ভুক্তভোগীর সাথে থাকা নগদ ৫ হাজার ৬০০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেন।
নির্যাতনের শিকার হওয়ার পর নিজের বাড়িতে ফেরার মতো কোনো টাকা না থাকায় ভুক্তভোগী তরুণী বাধ্য হয়ে অভিযুক্তদের খোঁজে নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে গিয়ে তিনি অভিযুক্তদের কাছে নিজের ছিনতাই হওয়া টাকা ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে এলে তারা পরিস্থিতি বুঝতে পেরে রাত ৯টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোঃ মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোঃ মোখলেছুর রহমান মিঠু ভূরুঙ্গামারী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের নলেয়া রশিদ মোড় এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তবে এই অপরাধের সাথে জড়িত অপর চারজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। তারা হলেন কাজিয়ার মোড় এলাকার মৃত নুর জামাল কসাইয়ের ছেলে মোঃ নাইনুল ইসলাম, নলেয়া রশিদ মোড় এলাকার মৃত গফুরের ছেলে মোঃ লিটন মিয়া, নলেয়া কুড়ার পাড় এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মোঃ আল আমিন এবং দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি এলাকার মোঃ আজাহার আলীর ছেলে মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর। তারা সকলেই ভূরুঙ্গামারী থানার বাসিন্দা।
এই মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনায় ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে যে, আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839