ফরিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগের নেতা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সম্প্রতি বরিশালে যাওয়ার পথে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই অনুষ্ঠানের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এমন অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী বিএনপি নেতা সাইদুর রহমান মিঠু সিকদার।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আইনে দায়ের করা মামলা নং-৮২/২০২৪-এ সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি এবং শহিদুল ইসলামকে একই মামলার ৭৫ নম্বর আসামি করা হয়েছে। মামলায় মোট ৮৩ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী বিএনপি নেতা সাইদুর রহমান সিকদার মিঠু অভিযোগ করেন, শহিদুল ইসলাম প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ভাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। একজন মামলার আসামি হয়েও তিনি কীভাবে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে মাগুরা হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মহাসিন ফকির জানান, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় তিনটি মামলা থাকার পরও ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় তদবির, ভুয়া মামলা ও সাজানো অভিযোগের মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৭ সালের ২২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামালীগ ইসলামী সংগঠনের ব্যানারে বিএনপির বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যাতে মো. শহিদুল ইসলাম নেতৃত্ব দেন। ওই মানববন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাদের পরিবারকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছিল বলে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই তদন্তে জাতীয় প্রেসক্লাবের ওই মানববন্ধনে আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলামের সরাসরি উপস্থিতি শনাক্ত করা হয়। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক আদালতে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছেন।
এ ছাড়া অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী মো. শহিদুল ইসলাম নিজেকে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক পরিচয় দিয়ে সচিবালয় ও ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রভাব খাটিয়ে তদবির করছেন। এই ঘটনায় শাহবাগ থানায় মো. শহিদুল ইসলামসহ ১৫৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা গাজী আবদুল হক। অন্যদিকে ময়মনসিংহে এ-সংক্রান্ত মামলা নং-৭৫৪/২০২৫-এর তদন্ত প্রতিবেদন ২০২৬ সালের ৫ মার্চ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেছে ময়মনসিংহের পিবিআই। এই বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রদলের নেতা আজিজুল হক বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যিনি আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

অভিযোগ ও মামলার নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের ২৪ জুন ভাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির ৩৮৫ ধারায় প্রথম মামলাটি দায়ের করা হয়, যার এফআইআর নং-৩৪/২২৪। এরপর ৮ জুলাই তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট নং-১৯৮ দাখিল করা হয়েছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে ২০২১ সালের ২৬ জুন একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২)/২৯(১)/৩১(২)/৩৫ ধারায় দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়, যার এফআইআর নং-৩৫/২২৫। এই মামলায় ৯ জুলাই তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।
অভিযোগকারীদের দাবি, ভাঙ্গার বাইরেও দেশের বিভিন্ন এলাকায় দায়ের হওয়া একাধিক মামলা ও অভিযোগে মো. শহিদুল ইসলামের নাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ময়মনসিংহের মামলা নং-৩৪৯/২৬ ও ৭৫৪/২৫, গাজীপুরের মামলা নং-৪৫৫/২৬, জামালপুরের মামলা নং-৩৪৪/২৬, ঢাকা মহানগর পুলিশের চাঁদাবাজি মামলা নং-৭(৭)/২০২৬, চট্টগ্রামের সাইবার মামলা নং-২০৭, কক্সবাজার আদালতের মামলা নং-৩২২/২৬ এবং নরসিংদী আদালতের প্রতারণা মামলা নং-২৪৫/২৬। এসব মামলার মধ্যে কয়েকটির তদন্ত বর্তমানে পিবিআইসহ সংশ্লিষ্ট থানা পুলিশ করছে বলে জানা গেছে।