• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা

আব্দুল্লাহ বুড়িচং (কুমিল্লা)
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: একসময় বিকেল হলেই গ্রামের মাঠে জমত হাডুডুর চিরচেনা আসর। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেত খেলোয়াড় আর প্রতিপক্ষের সীমানায় ঢুকে দম ধরে হাডুডু বলতে বলতে ফিরে আসার সেই লড়াইয়ে উত্তেজনায় কাঁপত চারপাশ। খেলোয়াড়দের পাশাপাশি নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও ভিড় করতেন মাঠের চারপাশে এবং একটি খেলাকে ঘিরেই যেন তৈরি হতো পুরো গ্রামের উৎসবের আবহ।

 

দিন বদলানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে বিনোদনের ধরনও। মাঠের সেই জায়গা এখন অনেকটাই দখল করে নিয়েছে মোবাইল ফোন, অনলাইন গেম ও সামাজিক যোগাযোগমাধ্যম। কোথাও খেলার মাঠ সংকুচিত হয়েছে, কোথাও আবার মাঠ হারিয়ে গেছে বসতবাড়ি কিংবা অন্য ব্যবহারে। এর সঙ্গে যোগ হয়েছে নিয়মিত প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাব যার ফলে একসময়ের জনপ্রিয় হাডুডু এখন অনেকটা হারিয়ে যেতে বসেছে।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার পৌরসভার জরইন গ্রামে গিয়ে এমনই চিত্র দেখা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, একসময় এ এলাকায় নিয়মিত হাডুডু খেলা হতো এবং দূর-দূরান্ত থেকে দল আসত। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠ ঘিরে থাকত মানুষের ভিড় কিন্তু এখন সেই মাঠে খেলোয়াড়ের সংখ্যা কমে গেছে এবং তরুণদের বড় একটি অংশ মাঠের বদলে মোবাইল ফোন ও অনলাইন বিনোদনে সময় কাটাচ্ছেন।

 

স্থানীয় বাসিন্দা সফিক জানান, আগে হাডুডু ছিল গ্রামের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বিকেল হলেই ছেলেরা মাঠে চলে যেত কিন্তু এখন মাঠে খেলোয়াড়ের চেয়ে মোবাইল হাতে তরুণের সংখ্যা অনেক বেশি।

 

আরেক স্থানীয় বাসিন্দা সাখাওয়াত বলেন, খেলার প্রতি আগ্রহ এখনো মানুষের মাঝে আছে কিন্তু নিয়মিত মাঠ, প্রশিক্ষণ, সরঞ্জাম ও প্রতিযোগিতা না থাকায় অনেকেই আর তা ধরে রাখতে পারছে না।

 

প্রবীণ খেলোয়াড় আলী হোসেন বলেন, একসময় বিকেল হলেই আমরা মাঠে ছুটে যেতাম এবং হাডুডুর প্রতি সবার আলাদা ঝোঁক ও উদ্যম ছিল। খেলোয়াড়দের সামাজিকভাবেও সম্মান দেওয়া হতো কিন্তু এখন সেই পরিবেশ নেই এবং তরুণদের মধ্যেও এ খেলার ভবিষ্যৎ নিয়ে তেমন আগ্রহ তৈরি হচ্ছে না।

 

হাডুডু কেবল শরীরচর্চার একটি খেলা নয়, এটি গ্রামীণ সমাজের সামাজিক বন্ধন ও লোকজ সংস্কৃতিরও একটি অবিচ্ছেদ্য অংশ। একটি ম্যাচকে কেন্দ্র করে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের মানুষের যোগাযোগ তৈরি হতো এবং খেলাকে কেন্দ্র করে বাড়ত পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও সৌহার্দ্য।

 

স্থানীয় শিক্ষক সুমন বলেন, আমি হাডুডুর প্রতি আগ্রহী ছিলাম এবং বিভিন্ন গ্রামের মাঠে খেলোয়াড় ও সংগঠক হিসেবে যুক্ত ছিলাম। শিশু-কিশোরদের শুধু পড়াশোনা ও প্রযুক্তিনির্ভর জীবনে আটকে রাখলে তাদের শারীরিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরিয়ে আনতে বিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

 

স্থানীয়দের মতে, হাডুডুকে টিকিয়ে রাখতে শুধু খেলোয়াড় তৈরি করলেই হবে না, এর জন্য প্রয়োজন খেলার মাঠ সংরক্ষণ, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা। বিদ্যালয় পর্যায়েও এ ধরনের ঐতিহ্যবাহী খেলাকে উৎসাহিত করা যেতে পারে।

 

নইলে একসময় গ্রামবাংলার মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে হাডুডু নামের সেই চিরচেনা হাঁক। নতুন প্রজন্ম হয়তো জানবেই না যে একসময় একটি খেলা ঘিরে কীভাবে পুরো গ্রামের মানুষ একসঙ্গে মাঠে জড়ো হতো এবং কীভাবে খেলোয়াড়ের প্রতিটি দৌড় আর প্রতিপক্ষের সীমানা ছোঁয়ার মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ত চারপাশ। ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার আগেই তাই হাডুডুর মাঠে আবারও ফিরিয়ে আনতে হবে সেই প্রাণের হাঁক।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ