• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল ইসলাম আটক

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় সামাজিক নিরাপত্তা ও বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই অবুঝ শিশুকে পাশবিক নির্যাতনের এক কলঙ্কজনক ঘটনা সামনে এসেছে। মাত্র পাঁচ ও ছয় বছর বয়সী দুই প্রতিবেশীকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। এই ঘটনার পর ভুক্তভোগী শিশুদের পরিবার এবং স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর বেদনার সৃষ্টি হয়েছে। শিশুদের সুরক্ষায় যেখানে প্রতিবেশী প্রবীণদের ভূমিকা ভরসার হওয়া উচিত ছিল, সেখানে এমন জঘন্য আচরণ সমাজকে নতুন করে ভাবিয়ে তুলছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু দুটি অভিযুক্ত আমিনুল ইসলামকে সম্পর্কে দাদু বলে সম্বোধন করত। প্রতিবেশী দাদু হওয়ার সুবাদে তারা প্রায়ই তার বাড়িতে খেলাধুলা করতে যেত। এই সুযোগটিকেই চরম নিষ্ঠুরতায় ব্যবহার করেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনার দিন আমিনুল ইসলামের বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তিনি অত্যন্ত কৌশলে অবুঝ শিশু দুটিকে বিস্কুট খাওানোর লোভ দেখান। এরপর তাদের ঘরের ভেতর ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালান। শুধু তাই নয়, ঘটনাটি ঘটানোর পর শিশুদের কোমল মনে ভীতি তৈরি করতে কাউকে কিছু না বলার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত শুক্রবার ও শনিবার প্রথমে ছয় বছর বয়সী এক শিশুকে এবং পরবর্তীতে গত রবিবার একইভাবে পাঁচ বছর বয়সী অন্য শিশুটিকেও অভিযুক্ত ব্যক্তি তার লালসার শিকার বানান।

নির্যাতিত শিশুদের পরিবারের সদস্যরা সেই কষ্টের দিনগুলোর বর্ণনা দিয়ে জানান, তারা হঠাৎ লক্ষ্য করেন শিশু দুটি অনবরত কান্নাকাটি করছে। অস্বাভাবিক আচরণ ও কান্না দেখে পরিবারের মানুষ তাদের কাছে কান্নার কারণ জানতে চান। তখন ছয় বছর বয়সী শিশুটি তীব্র ভয়ে ও আতঙ্কে কিছুই বলতে পারছিল না, সে কেবল কেঁদেই যাচ্ছিল। তবে পাঁচ বছর বয়সী অন্য শিশুটি শারীরিক প্রচণ্ড ব্যথার কথা সহ্য করতে না পেরে পরিবারের কাছে পুরো ঘটনাটি বিস্তারিত খুলে বলে। শিশুর মুখে এমন লোমহর্ষক নির্যাতনের কথা শুনে পরিবারের সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বাড়ির অন্য সদস্যদের জানান। পরবর্তীতে শিশুদের শারীরিক অবস্থার অবনতি ও সুচিকিৎসার জন্য দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

এই বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাছুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার দুই শিশুকে ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আসার পর চিকিৎসকরা তাদের পরীক্ষা করেছেন এবং শিশুদের শরীরে আঘাতের স্পষ্ট দাগ পাওয়া গেছে। চিকিৎসার পাশাপাশি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। শিশু দুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

আইনি পদক্ষেপের বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা জানান, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তৎপরতার সাথে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই জঘন্য অপরাধের পরিপ্রেক্ষিতে থানায় ইতিমধ্যে দুইটি পৃথক মামলার এজহার দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলমান রয়েছে। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


এরকম আরও সংবাদ