আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ জাকির ইসলাম নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর ব্যাটালিয়ন বালাপাড়া বিওপির সদস্যরা। গত মঙ্গলবার ভোর রাতে ডোমার থানাধীন সীমান্ত পিলার ৭৭৮/৮-এস হতে আনুমানিক ১৫০০ গজ দূরে চৌরাঙ্গী মোড় এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহল দল সুবেদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর সাড়ে চারটার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি টহল দল তাকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে সে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে তাকে আটক করেন।
আটককৃত জাকির ইসলাম ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতী এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। আটকের পর তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে যে তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।
অভিযান পরিচালনাকারী সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম জানান যে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের অবৈধ চোরাচালান প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন বালাপাড়া বিওপির এ ধরনের মাদকবিরোধী অভিযান এবং কঠোর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839