আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এক ভয়াবহ ঘটনার সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের অতর্কিত হামলায় ফারজানা হক লুবনা নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় এক সাবেক সেটেলমেন্ট কর্মকর্তার প্রত্যক্ষ মদদে এলাকার একটি চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এবং তাদের ওপর প্রতিনিয়ত অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর খামাত পাড়া গ্রামে।
পারিবারিক অভিযোগ থেকে জানা যায়, ওই গ্রামের প্রয়াত শিক্ষক তছলিম উদ্দিনের ছেলে ফারুকুজ্জামান তারিফের সঙ্গে তার আপন চাচা সাবেক সেটেলমেন্ট কর্মকর্তা হামিদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ১৯৮৬ সালের ২৯ মে তারিখের ৫৬৬২ নম্বর দলিল মূলে ওই জমির বৈধ মালিক হন তারিফ। সেই জমিতে একটি পুকুর ও সংলগ্ন আবাদি জমি রয়েছে। তখন থেকেই তারিফ ও তার পরিবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানে মাছ চাষ ও কৃষিকাজ করে আসছিলেন। কিন্তু তারিফের অভিযোগ, তার আপন চাচা সাবেক সেটেলমেন্ট কর্মকর্তা হামিদুল ইসলাম নিজের প্রভাব খাটিয়ে সুকৌশলে ওই জমি নিজের নামে রেকর্ড করে নেন। আর এই অন্যায়ের জের ধরেই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা ও আইনি লড়াই চলছে।
বিরোধের এই রেশ ধরেই গত ৩ সেপ্টেম্বর দুপুরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। তারিফ নিজের পুকুরে মাছ ধরতে গেলে চাচা হামিদুলের নির্দেশে এলাকার মোবারক হোসেন, তার ছেলে গোলজার হোসেন, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন সেখানে এসে বাধা দেয়। শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা তারিফের স্ত্রী ফারজানা হক লুবনার ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় এবং তাকে নির্মমভাবে মারধর করে। স্ত্রীর চিৎকার শুনে তারিফ পুকুর থেকে উঠে তাকে বাঁচাতে ছুটে এলে হামলাকারীরা তাকেও মারধর করে বলে তিনি অভিযোগ জানিয়েছেন।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় লুবনাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই নির্মম মারধরের ঘটনায় ভুক্তভোগী ফারজানা হক লুবনা নিজেই বাদী হয়ে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839