• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নাসিরনগরে অটোরিকশা চালক আরজান হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

আব্দুল হান্নান নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাশবনের ভেতর থেকে হাত-পা ও মুখ স্কচটেপে বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের পেছনে থাকা নির্মম নির্মমতার জট অবশেষে খুলেছে। নিহত অটোরিকশা চালক আরজান মিয়ার খোয়া যাওয়া সামান্য একটি মোবাইল ফোনের সূত্র ধরে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। প্রযুক্তির সহায়তা ও মাঠপর্যায়ের নানা তথ্যের সমন্বয়ে লুণ্ঠিত মোবাইল উদ্ধারসহ কেনাবেচায় যুক্ত দুইজনকে গ্রেপ্তারের মাধ্যমে মূল ঘাতকদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।

 

নিহত উনিশ বছর বয়সী তরুণ আরজান মিয়া ওরফে আবদুল্লা গত ২০ সেপ্টেম্বর নিজের অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২১ সেপ্টেম্বর সকালে নাসিরনগর সরকারি কলেজের সামনে জসিম উদ্দিনের মার্কেটের দক্ষিণ পাশের কাশবন থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার দুই হাত, দুই পা এবং মুখ স্কচটেপ দিয়ে শক্ত করে বাঁধা ছিল, এমনকি হাঁটুর ওপরেও ছিল রশির বাঁধন। তবে লাশের সন্ধান মিললেও নিখোঁজ ছিল তার জীবিকার সম্বল অটোরিকশা ও সঙ্গে থাকা মোবাইল ফোনটি। এই ঘটনায় নিহতের বাবা আঃ আউয়াল বাদী হয়ে নাসিরনগর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

 

পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব নেয় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা। তদন্তের অংশ হিসেবে গত ১ অক্টোবর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সামসু মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে নিহত আরজানের ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে হবিগঞ্জ পৌর মার্কেটের সোহেল টেলিকমে অভিযান চালিয়ে চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিহাব হোসেন ও রাহাব আলী ওরফে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

 

পিবিআই জানায়, আরজানকে নির্মমভাবে হত্যার পর ঘাতকরা তার মোবাইলটি সিহাব ও জুয়েলের কাছে মাত্র দুই হাজার ২০০ টাকায় বিক্রি করে দিয়েছিল। পরবর্তীতে তারা সেই মোবাইল তিন হাজার ৮০০ টাকায় বিক্রি করে সামসু মিয়ার কাছে। মোবাইল কেনাবেচার এই শিকল ধরে এগোতেই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের প্রত্যক্ষ মূল হোতাদের নাম।

 

তদন্তের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পিবিআই জানতে পারে, গত ২০ সেপ্টেম্বর হবিগঞ্জের লাখাইয়ের বামৈ-বুল্লা বাজার এলাকা থেকে তানভীর আহমেদ ওরফে তুহিন ও রিমন ওরফে মাহফুজুর রহমান পূর্বপরিকল্পনা অনুযায়ী আরজানের অটোরিকশা ভাড়া করে নাসিরনগরের দিকে নিয়ে আসে। নির্জন স্থানে পৌঁছানোর পর আরজানকে শ্বাসরোধ ও শারীরিক টর্চার করে হত্যা করা হয় এবং পরে তার হাত-পা ও মুখ স্কচটেপে বেঁধে লাশ কাশবনে ফেলে দিয়ে অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। তদন্তে আরও দেখা যায়, অটোরিকশা চুরির চক্র এবং গ্রেপ্তার জুয়েলের সঙ্গে মূল ঘাতক তুহিন ও রিমনের পূর্বপরিচয় ছিল।

 

গ্রেপ্তারকৃত সিহাব ও জুয়েলকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা বিজ্ঞ বিচারকের কাছে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া প্রধান দুই অভিযুক্ত তুহিন ও রিমন এখনো পলাতক রয়েছে। পিবিআই জানিয়েছে, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার এবং এই নৃশংস ঘটনার পেছনে আরও কারো ইন্ধন বা সম্পৃক্ততা ছিল কি না তা চূড়ান্তভাবে খতিয়ে দেখতে জোর তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ