• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দেবীগঞ্জে হলুদের বাম্পার ফলন : কম খরচে দ্বিগুণ লাভে খুশি কৃষকরা

লালন সরকার, নিজস্ব সংবাদদাতা। দেবীগঞ্জ (পঞ্চগড়)
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে হলুদের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। উৎপাদন ভালো হওয়ায় খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমিতে কৃষকদের লাভ দাঁড়াচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা।

৩১ ডিসেম্বর দুপুরে স্থানীয় কৃষক ভবেশ চন্দ্র রায় জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত মানের বীজ ব্যবহার করে কম খরচে হলুদ চাষ করায় ফলন প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। এতে করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তিনি আরও বলেন, হলুদ ৯ থেকে ১০ মাসের একটি ফসল। নিজস্ব বীজ থাকলে প্রতি বিঘা জমিতে খরচ হয় মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা। এতে প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ পর্যন্ত হলুদ উৎপাদন সম্ভব। এবছর তিনি প্রায় ১১ বিঘা জমিতে বীজ হলুদের চাষ করেছেন।

দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবারী এলাকার একাধিক কৃষক জানান, সারা দেশে আলুর দাম কম থাকায় অনেক কৃষক বিকল্প হিসেবে হলুদ চাষে আগ্রহী হয়েছেন। তুলনামূলক কম খরচে বেশি লাভ পাওয়ায় হলুদ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে বাজারে প্রতি মণ হলুদ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ১০০ টাকায়।

এদিকে, হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই মাঠে কাজ করে যাচ্ছেন কৃষকেরা। তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও ফসল ঘরে তোলার তাগিদে কৃষকদের কর্মচাঞ্চল্য থেমে নেই। কৃষকদের আশা, এভাবে হলুদের ভালো ফলনের ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি খাতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাঈম মোর্শেদ বলেন, মশলাজাতীয় খাদ্যদ্রব্য হলুদের চাহিদা প্রচুর এবং দামও অন্যান্য ফসলের তুলনায় ভালো। সে কারণে দেবীগঞ্জ উপজেলায় দিন দিন হলুদের আবাদ বাড়ছে। হলুদ বছরব্যাপী ফসল হওয়ায় সাথী ফসল হিসেবেও কৃষকেরা এর আবাদ করে থাকেন। হলুদে তেমন কোনো রোগবালাই নেই বললেই চলে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি অর্থবছরে দেবীগঞ্জ উপজেলায় হলুদের বাম্পার ফলন হয়েছে। আশা করছি চাষিরা লাভবান হবেন।


এরকম আরও সংবাদ