পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ঢাংগীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

রোববার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় এক হাজার পাঁচশত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়েছে। এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত এবং গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই মূলত মরহুম মছির উদ্দিন প্রধানের পরিবারের সদস্যরা এই ব্যতিক্রমী জনকল্যাণমূলক ক্যাম্পের আয়োজন করেন। সকাল থেকেই ঢাংগীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমতে শুরু করে, যাদের মধ্যে শিশু, নারী এবং প্রবীণদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনভর অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিপুল সংখ্যক রোগীকে সেবা দেন এবং রোগীদের মাঝে তিন দিনের প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মছির উদ্দিন প্রধান পরিবারের সদস্য নূরে আলম টুটুল। এ সময় উপস্থিত থেকে রোগীদের সেবার তদারকি এবং দিকনির্দেশনা প্রদান করেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নোমান মো. ইফতেখারুল তৌহিদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মাহাবুব আলম রতন এবং অ্যাডভোকেট নজরুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই মহতী উদ্যোগের বিষয়ে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের সভাপতি মো. নাজিমুল ইসলাম প্রধান এবং সদস্য সচিব মো. আবুল বাশার প্রধান তাদের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, তাদের প্রিয় বাবার ইচ্ছে পূরণ করা এবং সমাজের প্রতি এক ধরনের মানবিক দায়বদ্ধতা থেকেই এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাবার স্মৃতিকে ধারণ করে মানুষের সেবা করার এই ধারা তারা ভবিষ্যতেও বজায় রাখতে চান।

ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে এলাকার সার্বিক আইনশৃঙ্খল ও সামাজিক সংহতির প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মণি ভূষণ রায়, পামুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এবং ঝর্ণা বেগমসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্যাম্পে আগত চিকিৎসকরা জানান, গ্রামীণ জনপদের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এখনো অনেক কম। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতার মাধ্যমে অনেক জটিল রোগ শুরুতেই প্রতিরোধ করা সম্ভব। এই ধরনের মেডিকেল ক্যাম্প প্রান্তিক মানুষকে স্বাস্থ্য সচেতন করতে বড় ভূমিকা রাখে।

আয়োজকরাও চিকিৎসকদের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এদিকে প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা এবং ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত।

সেবা গ্রহণকারী সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প যেন আগামীতেও নিয়মিত আয়োজন করা হয়, সেই অনুরোধ জানিয়েছেন।