আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের হেমায়েতপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মজনু এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা এলাকার আমিনুর রহমানের ছেলে মুন্না মিয়া ওরফে পাপ্পু। বালাপাড়া বিওপি রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির একটি বিশেষ দল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডোমার থানা সূত্রে জানা যায়, বুধবার ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপি রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির হাবিলদার আলী ওসমানের নেতৃত্বে এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রাত তিনটায় মেলাপাঙ্গা চৌপথীর মোড় এলাকায় অভিযান চালানো হয়। ওই স্থান থেকে মজনু ও পাপ্পু মিয়াকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরদিন সকালে আটককৃত দুই মাদক কারবারিকে ডোমার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বালাপাড়া বিওপি রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির হাবিলদার আলী ওসমান বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, দুপুরে গ্রেফতারকৃত দুজনকে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের আইনগত ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839