আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মাদক সেবনের সময় হাতেনাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চিলাহাটির পূর্ব ভোগডাবুড়ী বানিয়াপাড়া এলাকার ময়নুল ইসলামের ছেলে নুর আলম এবং একই ইউনিয়নের পূর্ব ভোগডাবুড়ী প্রামাণিক পাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে রাহিমিন ইসলাম।
ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে আটটায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লতিফুর রহমান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে চিলাহাটি পূর্ব ভোগডাবুড়ী বানিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় এই দুজনকে ধরে ফেলে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের ডোমার থানায় নিয়ে গিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ। তিনি জানান, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত উভয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদেরকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839