• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডিমলায় ১০০ বস্তা ইউরিয়া সার আটক ও উধাওয়ের অভিযোগ, নেপথ্যে ইউপি সদস্যদের বিরুদ্ধে টাকা লেনদেনের দাবি

রাহেনা বারী আয়না, স্টাফ রিপোর্টার (ডিমলা) নীলফামারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে কৃষকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ইউরিয়া সার নিয়ে এক রহস্যজনক ঘটনার সৃষ্টি হয়েছে। ঘোর রাতে সন্দেহজনকভাবে চারটি অটো মিশুক যোগে মোট ১০০ বস্তা ইউরিয়া সার পরিবহনের সময় স্থানীয় বাসিন্দারা সেগুলো আটক করেন। সারের গাড়িগুলো আটক করার পর স্থানীয় জনপ্রতিনিধিরা তা ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার আশ্বায় দিলেও শেষ পর্যন্ত সারগুলো পৌছে যায় টুনিরহাটের একটি কীটনাশক ও বালাইনাশক দোকানে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যদের বিরুদ্ধে ৪৮ হাজার টাকা অর্থ লেনদেনের মাধ্যমে আটককৃত সার পাচারের গুরুতর অভিযোগ তুলেছেন এক স্থানীয় বাসিন্দা। কৃষকের চরম সার সংকটের মুহূর্তে এমন অনিয়মের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা, জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া এবং সার বিতরণ ব্যবস্থায় প্রশাসনিক তদারকি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সচেতন সমাজ।

ঘটনার সূত্রপাত ঘটে গত ১৫ সেপ্টেম্বর ভোরে। খগাখড়িবাড়ী ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ আব্দুর রহমান জানান, তিনি সকালে খগারহাট বাজারে অবস্থানকালে চারটি অটো মিশুক বোঝাই করে ১০০ বস্তা ইউরিয়া সার উত্তর দিকে নিয়ে যেতে দেখেন। শেষ রাতে হঠাৎ করে এত পরিমাণ সার পরিবহন হতে দেখে তার মনে সন্দেহ জাগে। এরপর স্থানীয় নাইটগার্ডদের সাথে নিয়ে তিনি গাড়িগুলো থামান। জিজ্ঞাসাবাদে সারের গাড়িগুলোর চালকেরা সারের প্রকৃত মালিক কিংবা বৈধ কোনো চালান ও ভাউচার দেখাতে ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনার স্থানে আসেন দুই গ্রাম পুলিশ সদস্য আব্দুল করিম ও আমের আলী। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন ইউপি সদস্য নুর হক, নুরুল ইসলাম এবং মফিজার রহমান দিলিপ। উপস্থিত শতাধিক মানুষ, নাইটগার্ড ও গ্রাম পুলিশকে আস্বস্ত করে ইউপি সদস্য নুর হক জানান, সারগুলো সাময়িকভাবে ইউনিয়ন পরিষদে জিম্মায় রাখা হবে এবং পরবর্তীতে কাগজপত্র যাচাই করে চেয়ারম্যান ও প্রশাসনের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরবর্তীতে সারগুলো পরিষদে না নিয়ে টুনিরহাটের একটি দোকানে পৌঁছে দেওয়া হয়।

 

পরবর্তীকালে অভিযোগকারী আব্দুর রহমান গত ১৭ সেপ্টেম্বর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন যে, সংশ্লিষ্ট ইউপি সদস্যরা আনুমানিক ৪৮ হাজার টাকার বিনিময়ে সারগুলো গোপনে পাচার করে দিয়েছেন। তবে এই টাকা লেনদেনের বিষয়ে স্বাধীন ও নিশ্চিত কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, যা প্রশাসনের তদন্ত সাপেক্ষে যাচাই করা প্রয়োজন। ঘটনার অনুসন্ধানে গিয়ে গ্রাম পুলিশ সদস্য আব্দুল করিম ও আমের আলী নিশ্চিত করেন যে, খগারহাটে জনতার হাতে আটক হওয়া সারগুলো পরিষদের দিকেই নেওয়া হচ্ছিল। কিন্তু পরবর্তীতে ইউপি সদস্যদের সরাসরি নির্দেশেই সারগুলো টুনিরহাটের ব্যবসায়ী হাচানুল আলমের দোকানে নামানো হয়। তবে কেন পরিষদের বদলে সার বেসরকারি দোকানে নেওয়া হলো কিংবা দোকানদারের সাথে ইউপি সদস্যদের কী কথা হয়েছে, সে বিষয়ে গ্রাম পুলিশ সদস্যরা কিছুই জানাতে পারেননি।

 

অন্যদিকে, সারগুলো যার দোকানে নেওয়া হয়েছে সেই মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ হাচানুল আলমের বক্তব্য পুরো ঘটনাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। ১০০ বস্তা সারের উৎস জানতে চাইলে তিনি দাবি করেন, সারগুলো তার নিজের এবং তিনি এগুলো বগুড়া থেকে কিনে এনেছেন। কিন্তু সার কেনার বৈধ ডিলারের নাম, রেজিস্টার খাতা, ক্রয়ের রসিদ বা চালান দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে পারেননি এবং বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি ভিন্ন সুর তুলে বলেন, ১০০ বস্তার মধ্যে ৫০ বস্তা তার এবং বাকি ৫০ বস্তা অন্য একজন ব্যবসায়ীর। কিন্তু সেই দ্বিতীয় ব্যবসায়ী কে বা তার ৫০ বস্তা সার কোথায় গেল, সে সম্পর্কেও তিনি মুখ খোলেননি। ফলে সাধারণ কৃষকদের মনে বড় প্রশ্ন জেগেছে যে, যদি সারগুলো বৈধ পথেই কেনা হয়ে থাকে তবে তার সঠিক কাগজপত্র কোথায়, আর আটক হওয়া সার প্রশাসনের হাতে না গিয়ে কীভাবে একজন ব্যবসায়ীর দোকানে গেল।

 

ঘটনার বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যদের বক্তব্যে চরম অসঙ্গতি দেখা গেছে। ইউপি সদস্য নুর হক নিজেকে দায়মুক্ত দাবি করে বলেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং যার সার তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অপর ইউপি সদস্য নুরুল ইসলাম প্রশ্ন করা মাত্রই প্যানেল চেয়ারম্যান দুলু মেম্বারের সাথে কথা বলতে বলে ফোনের সংযোগ কেটে দেন। প্যানেল চেয়ারম্যান দুলু মেম্বারের সাথে কথা বলা হলে তিনি দাবি করেন যে এ বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞ। আবার ইউপি সদস্য মফিজার রহমান দিলিপের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন, যার ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জনপ্রতিনিধিদের এমন দায়িত্বজ্ঞানহীন ও অস্পষ্ট আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।

 

বর্তমানে মাঠপর্যায়ে সাধারণ কৃষকেরা যখন চাহিদামতো সার না পেয়ে জমিতে দেওয়া নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন, তখন এমন ঘটনাকে অত্যন্ত আশঙ্কাজনক বলছেন স্থানীয়রা। ডিমলার স্থানীয় বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম জানান, এলাকায় সাধারণ কৃষকেরা চরম সার সংকটে ভুগছেন, অথচ অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে সারের কালোবাজারি থামছে না। জনগণের হাতে ধরা পড়া সার যদি জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় আবার গায়েব হয়ে যায়, তবে প্রশাসনিক ব্যবস্থার ওপর মানুষের আর কোনো আস্থা থাকে না। স্থানীয় কৃষকেরা প্রশ্ন তুলেছেন, রাতের আঁধারে কেন এভাবে রাসায়নিক সার পরিবহন করা হচ্ছিল এবং আটকের পরও কেন প্রশাসনকে না জানিয়ে তা বেসরকারি দোকানে হস্তান্তর করা হলো।

 

পুরো বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান জানান, লিখিত একটি অভিযোগ তিনি হাতে পেয়েছেন এবং সেটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে পাঠিয়েছেন। তিনি কৃষি বিভাগের সাথে যোগাযোগের পরামর্শ দেন। অপরদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, ঘটনার বিষয়ে তিনি মৌখিকভাবে শুনেছেন তবে লিখিত নথিপত্র তখনও হাতে পাননি। খুব দ্রুত সময়ের মধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে অভিযুক্ত ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ডেকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা হবে।

 

স্থানীয়দের পর্যবেক্ষণ মতে, সাধারণ কৃষকের অধিকার রক্ষা করতে হলে ডিমলার ১০টি ইউনিয়নে সার পরিবহন, সরকারি মজুদ, ডিলারভিত্তিক খাতা এবং বিতরণ ব্যবস্থার ওপর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারি প্রয়োজন। খগাখড়িবাড়ীর এই ১০০ বস্তা সারের ঘটনাটি কেবল সার আটকের ঘটনায় সীমাবদ্ধ নয়, এটি সরকারি সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতার সাথে সরাসরি জড়িত। তাই কোনো পক্ষকে আগাম দোষী না ভেবে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়াই এখন সময়ের দাবি।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ