• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডিমলায় আটক সারের সঠিক নিষ্পত্তির দাবিতে এনসিপির বিক্ষোভ ও পথসভা

রাহেনা বারী আয়না, স্টাফ রিপোর্টার (ডিমলা) নীলফামারী
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কৃষকের সার প্রাপ্তি নিয়ে যখন সংকট ও নানা অভিযোগ সামনে আসছে, ঠিক সেই সময়ে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের খগারহাটে আটককৃত সারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পূর্বে আটক করা সার সংক্রান্ত ঘটনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে সোমবার বাদমাগরিব খগারহাটে বিক্ষোভ র‍্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকরা অংশ নেন। প্রায় দুই শতাধিক কৃষক-শ্রমিক-জনতা বিক্ষোভ র‍্যালিতে অংশ নিয়ে সার ব্যবস্থাপনায় অনিয়ম ও কথিত সার সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

 

বিক্ষোভ র‍্যালিটি খগারহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সেখানে বক্তারা আটক সার কোথায় গেল, কার হেফাজতে ছিল এবং কীভাবে এর নিষ্পত্তি হয়েছে এসব বিষয়ে প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

 

পথসভায় বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক শাহ আজিজুল ইসলাম, সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ, প্রচার সম্পাদক সন্তোষ কুমার, শ্রমিক শক্তির আহ্বায়ক জাকির হোসেন, বালাপাড়া এনসিপির আহ্বায়ক রোকনুজ্জামান সার এবং সার সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী আব্দুর রহমানসহ অন্যরা।

 

বক্তারা বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, পাচার, মজুতদারি কিংবা সিন্ডিকেটের অভিযোগ উঠলে বিষয়টি ধামাচাপা না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভোরে খগারহাট বাজারে চারটি অটো মিশুক যোগে ১০০ বস্তা ইউরিয়া সার পরিবহনের সময় স্থানীয়দের সন্দেহ হলে সেগুলো আটক করা হয় বলে অভিযোগের সূত্রে জানা যায়। স্থানীয়দের দাবি ছিল, পরিবহনকারীদের কাছে সারের বৈধ ভাউচার ও ডিলার সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ছিল। পরবর্তীতে আটক সার নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে স্থানীয়দের পক্ষ থেকে সার পাচার ও সিন্ডিকেটের অভিযোগের কথাও উঠে আসে।

 

ঘটনার পর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানোর কথা জানিয়েছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নাও বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার কথা জানিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

 

কিন্তু অভিযোগকারী ও আন্দোলনকারীদের দাবি, ঘটনার পর যথেষ্ট সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি কিংবা গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে স্পষ্টভাবে জানানো হয়নি। এ কারণেই তারা নতুন করে বিক্ষোভ কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

 

এর আগে উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছিল, কৃষক পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সার প্রাপ্তি নিশ্চিত করতে ডিমলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে কৃষকদের তথ্য সংগ্রহ করে সার কার্ড প্রদান করা হবে। ভবিষ্যতে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে সার কার্ড ছাড়া সার বিতরণ না করার কথাও জানানো হয়েছিল।

 

এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সার ব্যবস্থাপনা চালুর ঘোষণার মধ্যেই আটক সারকে ঘিরে এমন অভিযোগ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। কৃষকদের প্রত্যাশা, সার কার্ড ব্যবস্থাপনা বাস্তবায়নের পাশাপাশি পূর্বের আটক সার সংক্রান্ত অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হবে।

 

খগারহাটের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, আটক করা ১০০ বস্তা সার শেষ পর্যন্ত কোথায় গেল? কার হেফাজতে ছিল? কীভাবে তা সংরক্ষণ বা বিতরণ করা হয়েছে? এর সঙ্গে কোনো ডিলার, ব্যবসায়ী কিংবা অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না? এসব প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয় বলে দাবি আন্দোলনকারীদের।

 

তবে অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তদন্তের আগে দায়ী না করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র, ভাউচার, ডিলার রেজিস্টার, পরিবহন সংক্রান্ত তথ্য এবং আটক সার সম্পর্কে প্রশাসনিক রেকর্ড যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি উঠেছে।

 

বিক্ষোভকারীদের বক্তব্য, সার কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়। এটি কৃষি উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি ব্যবস্থাপনার অংশ। ফলে সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ উঠলে দ্রুত তদন্ত, স্বচ্ছ তথ্য প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

 

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, খগারহাটের ঘটনাটি শুধু রাজনৈতিক বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবে। প্রকৃত ঘটনা যা-ই হোক, তা জনসম্মুখে পরিষ্কার করা হবে এবং কৃষকের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই অবৈধ মজুত, পাচার বা সিন্ডিকেটের কবলে না পড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের দাবি স্পষ্ট, সারের রাজনীতি নয়, প্রয়োজন ন্যায্য বণ্টন; সিন্ডিকেট নয়, প্রয়োজন স্বচ্ছতা; অভিযোগ নয়, প্রয়োজন নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্যের প্রকাশ।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ