আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: টেকনাফ উপজেলার হ্নীলায় যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সামাজিক সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বর্ণিল আয়োজন। হ্নীলা-চৌধুরীপাড়া যমুনা ইয়ুথ পিস ক্যাফ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।

র্যালিটি চৌধুরীপাড়া বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন সেন্টারের নিচতলায় অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। Youth-Led Cultural Exchange for Social Harmony শীর্ষক এই আয়োজনটি ছিল বাংলাদেশ ও মিয়ানমারে যুব নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতি উদ্যোগের একটি অংশ।
অনুষ্ঠান পরিচালনা করেন দমদমিয়া পিস ক্যাফের সাবেক পিস চ্যাম্পিয়ন তানজিনা মোহাম্মদ জয়া। এতে চৌধুরীপাড়া যমুনা পিস ক্যাফের সাবেক পিস চ্যাম্পিয়ন কাঁকন দাস, দমদমিয়া পিস ক্যাফের সাবেক পিস চ্যাম্পিয়ন নাসিমা, ক্যাম্প-২৪-এর সাবেক পিস চ্যাম্পিয়ন বিবি জাহান, পূর্ণিমা জেবা ও চৌধুরীপাড়ার সাবেক পিস চ্যাম্পিয়ন সোহেল রানা বক্তব্য রাখেন। এছাড়া SHAY Society-এর প্রতিনিধি বোরহান ও উদয়ের প্রতিনিধি সোহেল অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরীপাড়া রাখাইন সম্প্রদায়ের সভাপতি মংটি অং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে তরুণদের উৎসাহ দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামসুদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন SHED-এর সোশ্যাল কোহেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোহাম্মদ এরশাদুল ইসলাম ইশতিয়াক। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন SHED-এর প্রতিনিধি আসিফ তাইজুল।
আয়োজনের একপর্যায়ে সাবেক পিস চ্যাম্পিয়নদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী অতিথির জন্য দুপুরের খাবারের সুব্যবস্থা করা হয়। এরপরেই কক্সবাজার থেকে আগত শিল্পীদের পরিবেশনায় বাঙালি ও রোহিঙ্গা সম্প্রদায়ের গানসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত তরুণ-তরুণী ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের মতে, পারস্পরিক সংস্কৃতি, অভিজ্ঞতা ও ভাবনার আদান-প্রদানের মাধ্যমে তরুণদের মাঝে সহনশীলতা, বন্ধুত্ব এবং সামাজিক সংহতি আরও বেশি জোরদার করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839