আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৬ জন প্রার্থী তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সপ্তম ধাপের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন। দলের সমর্থন ও মনোনয়ন লাভের আশায় প্রার্থীরা বিএনপির পাশাপাশি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছড়িয়ে দিয়ে প্রচারণা চালাচ্ছেন অনেকে। প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে, বাজারে এবং পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করছেন ও সার্বক্ষণিক কুশল বিনিময় করছেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশী এই ৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান লিখন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম। প্রার্থীরা নিয়মিত তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে হাটে-বাজারে কিংবা চায়ের দোকানে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন। বিভিন্ন স্থানীয় খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানেও পোস্টার, ব্যানার এবং মাইকের মাধ্যমে তাদের প্রার্থিতার খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রার্থীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, দলীয় আশীর্বাদ ও মনোনয়ন পেলে তারা নিশ্চিত বিজয় ছিনিয়ে আনতে পারবেন। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন করবেন বলে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
এদিকে ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলীয় বিবেচনায় যাকে যোগ্য মনে করে নির্বাচন করার সবুজ সংকেত দেওয়া হবে, প্রার্থীরা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার পক্ষেই কাজ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডোমার-ডিমলা অঞ্চলের অন্যতম নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতকে শক্তিশালী করতে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূলের কর্মীরা। তবে একই আসনে বিএনপির এতোজন যোগ্য প্রার্থী মাঠে নামায় স্থানীয় সাধারণ জনমনে নানা আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এখন সাধারণ ভোটারদের মনে একই প্রশ্ন ঘুরেফিরে আসছে, এই ৬ জন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত কে পাচ্ছেন জোড়াবাড়ী ইউনিয়নে বিএনপির কাণ্ডারী হওয়ার দলীয় সবুজ সংকেত।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839