আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তালুক হাবু এলাকায় একটি সফল অভিযান চালিয়ে সাড়ে সাত কেজি গাঁজাসহ তাঁদের হাতেনাতে ধরা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-৩-এর একটি চৌকস দল গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে গঙ্গাচড়ার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অবস্থান নেয়। সংকেত পেয়ে সেখানে থাকা দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে তল্লাশিতে উদ্ধার করা হয় মোট ৭ দশমিক ৫ কেজি গাঁজা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রংপুর মহানগরের কোতোয়ালি থানার বাবুপাড়া রেলগেট এলাকার আব্দুল হকের স্ত্রী মনি এবং একই থানার রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মুন্নি বেগম। উদ্ধারকৃত মাদকের উপস্থিতিতে তাঁদের দুজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
ঘটনা সম্পর্কে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত গাঁজাসহ সংশ্লিষ্ট সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839