রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে ১ নম্বর গ্রোয়িং বাঁধ রক্ষার দাবিতে তিস্তা পাড়ের এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
কোলকোন্দ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. আল মামুন।
বক্তব্যে তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হলো তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
তিনি আরও বলেন, কোলকোন্দ ইউনিয়নের ১ নম্বর গ্রোয়িং বাঁধটি দ্রুত সংস্কার ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে হাজার হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে। তবে রংপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করে মাত্র ২০০টি বস্তা সরবরাহ করেছেন, কিন্তু ওই বস্তায় বালু ভরাটের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আল মামুন বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা বছরের পর বছর শুধু পরিদর্শন ও আশ্বাস দিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি ভাঙনকবলিত এলাকা ও গ্রোয়িং বাঁধ রক্ষায় দ্রুত ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা এনসিপির আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুনতাসির মামুন, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ন কবির লালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তিস্তা তীরবর্তী মানুষের জীবন-জীবিকা ও বসতভিটা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।