আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গংগাচড়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। খুদে শিক্ষার্থীদের এই অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং তাদের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার যাত্রাকে ত্বরান্বিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল অর্জনের আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন। রোববার উপজেলার পূর্ব খলেয়া উপরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খলেয়া ক্লাস্টারের ব্যবস্থাপনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাব সুলতানা। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যকে সাধুবাদ জানান এবং আগামী দিনে আরও বড় মঞ্চে সাফল্য ছিনিয়ে আনার জন্য অনুপ্রাণিত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিশুদের সঠিক নির্দেশনার মাধ্যমে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।
সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফলে খলেয়া ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়ে বৃত্তি লাভ করে। কৃতী এই শিক্ষার্থীদের সংবর্ধিত করতে পেরে গর্বিত আয়োজক প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ। সংবর্ধিতদের মধ্যে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী রয়েছে, যাদের এমন অর্জন বিদ্যালয়টির জন্য গৌরব বয়ে এনেছে।
একইভাবে খলেয়া গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী তাদের মেধার স্বাক্ষর রেখে বৃত্তি অর্জন করেছে। এছাড়া গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন এবং আলদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সফলতা অর্জন করে সংবর্ধনা লাভ করেছে। দোন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থীও তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে বৃত্তি লাভ করে এই সংবর্ধনার অংশীদার হয়েছে।
অনুষ্ঠানে আগত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাঁদের অভিনন্দন জানান। এ সময় শিশুদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে এলাকা ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোমলমতি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, মেধা ও সাফল্যকে যথাযথ স্বীকৃতি দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের ইতিবাচক আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে এবং ভবিষ্যতে পড়াশোনায় আরও ভালো করার তীব্র তাগিদ ও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839