আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যেই মূলত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে কংশনগর বাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারের বিভিন্ন খাবারের দোকানে এই তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলোতে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই অপরাধের দায়ে ‘ভর্তা হোটেল’সহ দুটি রেস্টুরেন্টকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুরসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839