আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে স্থানীয় জনসাধারণ এক বিশাল গণসমাবেশ আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার কাতুলী গ্রামে অবস্থিত পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও সেবা পাওয়ার ভোগান্তি নিরসনে সোচ্চার দাবি জানান।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের বক্তব্যে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দূরবর্তী স্থানে স্থানান্তরের কারণে তৈরি হওয়া দৈনন্দিন দুর্ভোগের চিত্র তুলে ধরেন। সাবেক মেম্বার হাফিজার, শিক্ষক এনামুল মাস্টার, সমাজসেবক সুলতান মিয়া এবং আব্দুর রশিদ সরকারসহ উপস্থিত বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, একসময় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের সমস্ত সরকারি কার্যক্রম ও সেবা এই কাতুলী গ্রামের পুরাতন নিজস্ব ভবন থেকেই অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হতো। কিন্তু পরবর্তীতে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ইউনিয়ন পরিষদ ভবনটি কিশোরগাড়ী এলাকায় স্থানান্তর করা হলে কাতুলী গ্রামের ঐতিহাসিক ভবনটি অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়ে।
বক্তারা অভিযোগ করে বলেন, পরিষদের কার্যক্রম এতো দূরে স্থানান্তরের কারণে কাতুলীসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদের যেকোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র সরকারি সেবা নিতেও এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হচ্ছে। এতে করে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ নাগরিক, গর্ভবতী নারী, প্রতিবন্ধী এবং অসুস্থ মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। যা একটি জনকল্যাণমুখী স্থানীয় সরকারের ধারণার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
স্থানীয় বাসিন্দারা তাদের ক্ষোভ ও দুর্দশার কথা জানিয়ে বলেন, কাতুলী ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে ইউনিয়ন পরিষদের একটি সাধারণ সনদ বা সেবার কাজের জন্য অন্তত ছয় কিলোমিটার দীর্ঘ পথ কষ্ট করে পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে পৌঁছাতে হয়। সেখানে গিয়ে যদি কোনো কারণে পরিষদ চেয়ারম্যান কিংবা ইউপি সদস্যদের অনুপস্থিত পাওয়া যায়, তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এমনকি বহু দূর-দূরান্ত থেকে যাতায়াতের হাজারো পথ কষ্ট সহ্য করে গিয়ে সারাদিন অপেক্ষার পর প্রয়োজনীয় সেবা না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হয় সাধারণ মানুষকে।
সমাবেশে আসা সাধারণ মানুষের মতে, ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম জনগণের হাতের নাগালে থাকার কথা থাকলেও ভবন দূরে সরে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের মূল্যবান সময় ও অতিরিক্ত অর্থ দুটোই অপচয় হচ্ছে। দীর্ঘদিন ধরে এই তীব্র সমস্যা চলে আসলেও আজ পর্যন্ত এর কোনো স্থায়ী ও কার্যকর সমাধান করা হয়নি। তাই অবিলম্বে স্থানীয়দের এই দুর্ভোগের কথা মানবিক বিবেচনায় নিয়ে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পুরাতন নিজস্ব ভবন অর্থাৎ কাতুলী গ্রামে পুনরায় স্থানান্তরের জোর দাবি জানান তারা। একই সাথে সংশ্লিষ্ট উর্ধ্বোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এলাকাবাসীর স্পষ্ট দাবি, কাতুলীর এই পুরাতন ভবনটি পুনরায় মেরামত করে ব্যবহার উপযোগী করে সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালু করা হলে আশেপাশের বিশাল জনগোষ্ঠীর যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে এবং সহজের মধ্যে সরকারি বিভিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839