আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: এশিয়া মহাদেশের অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর কেন্দ্রবিন্দু দিনাজপুর জেলার কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২৬ সেপ্টেম্বর শনিবার মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে এর সার্বিক রূপ পর্যবেক্ষণ করেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উপস্থিত অতিথি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রাচীন এই স্থাপনার প্রতিটি কোণ ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক তাৎপর্য অনুভব করেন।
পরিদর্শনকালে কান্তজিউ মন্দিরের দেয়ালজুড়ে থাকা বিখ্যাত টেরাকোটার নান্দনিক কারুকার্য ও প্রাচীন নির্মাণশৈলী অত্যন্ত গভীরভাবে পরখ করেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা, দেশের পর্যটন খাতে এর সম্ভাবনা বৃদ্ধি এবং দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য বর্তমান সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয় নিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত কথা বলেন। ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে কীভাবে একে আরও আকর্ষণীয় করা যায়, সে বিষয়ে নানা দিকনির্দেশনা উঠে আসে তাদের এই আলাপচারিতায়।
গুরুত্বপূর্ণ এই পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এবং দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমসহ স্থানীয় অন্যান্য সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা।

কান্তজিউ মন্দির শুধু বাংলাদেশেই নয়, বরং পুরো এশিয়া মহাদেশের মধ্যেই একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে সুপরিচিত। এর অনন্য টেরাকোটা শিল্পের কারণে এটি দেশ ও বিদেশের বহু মানুষের কাছে সবসময়ই এক বিশেষ আকর্ষণের নাম। একই সাথে এটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর ঠিক অনতিদূরেই রয়েছে প্রায় একই ধরনের চমৎকার স্থাপত্যশৈলীতে তৈরি নয়াবাদ জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, যা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে একটি ঐতিহাসিক ও সুপরিচিত স্থান হিসেবে সর্বজনবিদিত।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839