আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও মানহীন ভেজাল চিপস-চানাচুর তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী বটগাছ এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ ও সৈয়দপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে কারখানার পরিচালনাকারী মো. নওশাদ গোল্ডেন ও মো. আকরাম খানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সরকারি কাজে বিলম্ব ঘটিয়ে বাধা দেওয়ার অভিযোগে মো. রাশেদ করিম নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫১ হাজার টাকা।
এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযানটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হয় এবং জনস্বার্থে তাদের এই দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
এসআরবি-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, জ্বালানি তেলে ওজনে কারচুপি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839