আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের মিঠাপুকুরে পূর্বশত্রুতার জেরে আমগাছের সঙ্গে বেঁধে খালিদ হাসান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শুক্রবার রাত আড়াইটার দিকে মিঠাপুকুর উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের দৌলতনুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৩২ বছর বয়সী আবু সাঈদ মিঠাপুকুর উপজেলার মাদারপুর খিয়ারপাড়া গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
নৃশংস এ হত্যাকাণ্ডের শিকার খালিদ হাসান রংপুরের স্নেহা নার্সিং হোমে কর্মরত ছিলেন। গত ২৬ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আবু সাঈদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক আটকে ফেলে। এরপর তাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ২৮ বছর বয়সী মো. গালিব হাসান বাদী হয়ে মিঠাপুকুর থানায় ৩৮ নম্বর হত্যা মামলাটি দায়ের করেন।
ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আসামিদের গ্রেপ্তারে শুরু থেকেই গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে দৌলতনুরপুর এলাকার মো. রফিকুল ইসলামের বসতবাড়িতে তৎপরতার সঙ্গে সফল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে বাহিনীটি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে এসআরবি-১৩।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839